
মো:- আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার:-
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। নদী-খাল পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম সরেজমিনে তদারকিই তাঁর সফরের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খাল খনন কাজ পরিদর্শন:
সকালে তিনি -জৈন্তাপুর উপজেলার খালসমূহের চলমান খনন কাজ পরিদর্শন করবেন। সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে খাল পুনঃখননের অগ্রগতি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিনের ভরাট ও অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত খালগুলো পুনরুদ্ধার হলে কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
নদী পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব পর্যটন প্রকল্প:
বিকাল ২টায় মন্ত্রী সিলেট জৈন্তাপুর -গোয়াইনঘাট অঞ্চলের পরিবেশগতভাবে সংকটাপন্ন নদীসমূহ পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায়নির্ভর পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ শীর্ষক প্রকল্প পরিদর্শন করবেন। এ কর্মসূচি ও জুড়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম ঘিরে অনুষ্ঠিত হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প আয়সংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
মতবিনিময় সভা:
সফরের শেষ পর্যায়ে বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এ সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় মহলে আশা করা হচ্ছে, তাঁর এই পরিদর্শন উন্নয়ন কার্যক্রমে গতি আনবে এবং পরিবেশ-সংবেদনশীল এ অঞ্চলে টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।