
ডাক ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকার চোরাচালানের উপর ডিবি পুলিশের নামে চাঁদা আদায় করা কে কেন্দ্র করে গতকাল রাতে পুরাতন লাইনম্যান ও সদ্য নিয়োগের দাবি নিয়ে নতুন লাইনম্যানদের মধ্যে ভারতীয় চোরাচালান গাড়িতে লোড-আনলোড করার সময় সংঘর্ষ সৃষ্টি হলে মুহুর্তেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পুলিশের লাইন নামে সীমান্ত চোরাচালানের গাড়ি প্রতি ১৪হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছেন পুলিশের লাইনম্যান সোহাগ ও তার একটি চক্র। পরে স্থানীয় সাবেক লাইনম্যান জয়দুল ও তার বাহিনী পুলিশের নামে চাঁদাবাজির লাইন তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা কালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।এ ঘটনায় ট্রাক চালক নেতা সোহাগ মিয়া গুরুতর আহত হয়েছেন বলে জানান ট্রাক চালক নেতাকর্মীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকে এখন পর্যন্ত দুই গ্রুপের মধ্যে চাঁদাবাজির লাইন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয়ে ডিবি পুলিশের ইনচার্জ মো.ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকের সাথে কথা বলেন নি। গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম বলেন,পুলিশের কোন লাইনম্যান নেই এমন দাবী নিয়ে কেউ চাঁদাবাজি করছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।