
জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:-
সিলেটের জৈন্তাপুরে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গা উৎসব ২০২৩এর আনুষ্ঠানিকতা। এ বছর কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে উপজেলার ২৩টি পূজা মণ্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গা উৎসব।
গত (২৪শে অক্টোবর) মঙ্গলবার বিজয়া দশমীর দিনে পৃথক পৃথকভাবে বিভিন্ন মণ্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। বেলা ১ ঘটিকার সময় চারিকাঠা সরুখেল বিশ্ব হরি দেবালয় সার্বজনীন পূজা মণ্ডপে সংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন করা হয় দুর্গা উৎসবের সমাপ্তি । বিষয়টি নিশ্চিত করেন মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী সুজিদ কুমার দে।
এছাড়াও দুপুর আড়াইটা থেকে বিকেল চারটার মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় পূজার আনুষ্ঠানিকতা। শ্রী শ্রী দুর্গা মন্দির শ্রীপুর চা বাগান মণ্ডপের সভাপতি সঞ্জয় রায় জানান, তারা শ্রীপুর রাংপানি নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। একইভাবে কেন্দ্রী সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি কার্তিক দেব জানান তাদের মণ্ডপ সংলগ্ন বাত্তিখালে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
সারিঘাট শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বিজেন দেব জানান বিজয়াদশমীর দিন সারী নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবছর শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, পুরো উপজেলার পূজা মণ্ডপের সুষ্ঠু ভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জন শেষে আগত পূজারী ভক্তদের মণ্ডপ থেকে বাড়ী ফিরে যাওয়া পর্যন্ত পুলিশের টিম উপস্থিত ছিলো। তিনি সুষ্ঠুভাবে দুর্গা পূজা সম্পন্ন হওয়ায় এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করায় উপজেলা-বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় সৌহার্দ্যপূর্ণ ভাবে এ বছর জৈন্তাপুরে পূজা উৎযাপন অনুষ্ঠিত হয়েছে। তিনি সুষ্ঠু ভাবে পূজা উৎযাপন সম্পন্ন করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসার, বিজিবি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, এ বছর শারদীয় দূর্গা উৎসব শুরু হওয়ার পূর্ব থেকে স্হানীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি সার্বিক খোঁজ খবর রেখেছেন। তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ সকলের সার্বিক সহোযোগিতায় পূজা উৎযাপনের নির্দেশনা প্রদান করেছিলেন এবং পূজা চলাকালীন সময় সর্বদা খোঁজ খবর রেখেছেন।
সেই সাথে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া উপজেলা সার্বজনিন পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে প্রশাসনকে সহযোগিতা করার ধন্যবাদ জানান।