
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সারদীয় দুর্গাপূজার চলমান উৎসবের মধ্যে জৈন্তাপুর কালীমন্দিরে ঘটে যায় এক মারাত্মক পরিস্থিতি। হঠাৎ এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ধারালো অস্ত্র হাতে মন্দিরের দিকে এগিয়ে আসতে দেখলে দায়িত্বে থাকা আনসার ভিডিপির ১নং নিজপাঠ ইউনিয়ন দলনেতা বিল্লাল হোসেন লিটন নিঃসঙ্কোচে সামনে এগিয়ে যান। জীবন বাজি রেখে তিনি লোকটির হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নিতে সক্ষম হন। এ সময় বিল্লাল নিজেও কিছুটা আহত হন।
ঘটনার পর মন্দিরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সংশ্লিষ্ট সকলই ভিডিপির দলনেতা বিল্লালের এমন সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হন। কালীমন্দির পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনসার ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অনুরোধ জানান,দলনেতা বিল্লাল যতদিন বাহিনীতে থাকবেন, ততদিন যেন কালীমন্দিরে তাঁর বিশেষ ডিউটি বজায় থাকে।
এদিকে দলনেতা বিল্লালের প্রশংসা করেন জৈন্তাপুর উপজেলার ইউএনও এবং থানার ওসি। তারা বলেন, বিল্লাল না থাকলে সেখানে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তাঁর দ্রুত সিদ্ধান্ত ও আত্মত্যাগমূলক পদক্ষেপে দুর্গাপূজার পরিবেশ অক্ষত থাকে।
ঘটনার পর আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসী ও পূজা উদ্যোক্তারা এই সাহসী আনসার সদস্যকে যথাযথ সম্মান প্রদর্শন ও পুরস্কৃত করার দাবি জানান।