
“ওসি ওমর ফারুকের কঠোরতায় গোয়াইনঘাটে অপরাধীদের ঘুম হারাম—৮১ দিনে গ্রেফতার ২৫৩”
নিউজ ডেস্ক:
সীমান্তের অপরাধ দমনে কঠোর অবস্থানে গোয়াইনঘাট থানা। “অপরাধীর সঙ্গে কোনো আপস নয়”এমন নীতিতে ওসি মো. ওমর ফারুকের সার্বিক দিকনির্দেশনায় চলছে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধবিরোধী ধারাবাহিক অভিযান।
গত ৩ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ২৫৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে মাদক মামলায় ৩২ জন, চোরাচালান মামলায় ২৩ জন, জিআর পরোয়ানায় ৬১ জন, জিআর সাজায় ১৩ জন, সিআর পরোয়ানায় ৪০ জন, সিআর সাজায় ১১ জন, নিয়মিত মামলায় ৬৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৯ জনকে গ্রেফতার করা হয়।
মাদকের বিরুদ্ধে বড় অভিযান.. ওসি মো. ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৮টি মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ১৬০ লিটার চোলাই মদ, ২ হাজার ৫৭৫ বোতল ভারতীয় এসকাফ কাফ সিরাপ, ১৬৭ বোতল ও ৪২ ক্যান ভারতীয় মদ, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬১.৫ পুড়িয়া গাঁজা।
পুলিশের হিসাবে উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকার বেশি।
চোরাচালানেও কঠোর ওসি.. সীমান্তবর্তী উপজেলা হওয়ায় গোয়াইনঘাটে চোরাচালান প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। এ সময় ১৭টি চোরাচালান মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে ৩ লাখ ১২ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ১ হাজার ৯০০ কেজি ভারতীয় জিরা, ৯ হাজার ৮৭২ পিস ভারতীয় চকলেট ও অন্যান্য সামগ্রী, ভারতীয় অলিভ অয়েল, আমলা হেয়ার অয়েল, প্রসাধনী, মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়েছে।
এছাড়া চোরাচালানে ব্যবহৃত সিএনজি, পিকআপ, ডিআই পিকআপ, ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন যানবাহন জব্দের কথাও জানিয়েছে পুলিশ।
অপপ্রচারেও থামেনি অভিযান.. পুলিশের দাবি, অপরাধবিরোধী অভিযান জোরদার হওয়ার পর একটি স্বার্থান্বেষী চক্র ওসি মো. ওমর ফারুক, সেকেন্ড অফিসার এসআই তানভীর ফয়েজসহ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। পুলিশের ভাষ্য, এসব প্রচারণার পেছনে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা থাকতে পারে।
তবে এসব প্রচারণায় কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অবস্থান কঠোর। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সীমান্তে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট থানা পুলিশের এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম