
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর থানাধীন ০৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) রাত অনুমান ৩টা ৫৫ মিনিটে হরিপুর বাজারস্থ হরিপুর হাই স্কুল মার্কেটের সামনে মেসার্স পাঁচ ভাই এন্টারপ্রাইজের পার্শ্ববর্তী খালি জায়গা থেকে স্থানীয় জনগণ প্রথমে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ মোঃ বিলাল মিয়া (৩৮)—পিতা: মৃত বাচ্চু মিয়া, সাং: মনতৈল, থানা: জুড়ি, জেলা: মৌলভীবাজার এবং ৪৪ পিস ইয়াবাসহ কবির আহমদ (৩২)—পিতা: ছমির উদ্দিন, সাং: চান্দগ্রাম, থানা: বড়লেখা, জেলা: মৌলভীবাজারকে আটক করা হয়।
পরে স্থানীয় জনগণ আটককৃত আসামিদের জৈন্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই লিটন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, আটককৃত আসামি দু’জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী মাদকবিরোধী এ উদ্যোগে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত তৎপরতার প্রশংসা করেন এবং মাদক নির্মূলে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানান।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম