
বহিষ্কারের বিষয়ে অবগত নন : আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জৈন্তাপুর উপজেলা শাখার আওতাধীন ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে বহিষ্কারের ঘটনায় দলীয় অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীসহ শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে এবং উপজেলা ছাত্রদলের সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তাজুল ইসলামকে সভাপতি এবং সিনিয়র যুগ্ম সম্পাদক বুরহান আহমদ রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতদের সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক যোগাযোগ না রাখারও নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সঙ্গে জৈন্তাপুর উপজেলা ছাত্রদল ও ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের বিষয়ে আমি সম্পূর্ণভাবে অবগত নই। আমার অনুমতি কিংবা মতামত ছাড়া এভাবে আমার নাম ব্যবহার করা হয়েছে। বিষয়টি কেন এবং কীভাবে ঘটেছে—আমি তা খতিয়ে দেখতেছি।

ছবি: বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল।
এদিকে, বহিষ্কার ঘোষণার প্রতিবাদে ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা হরিপুর বাজার এলাকায় তামাবিল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। মিছিল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া বলেন, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই হুটহাট করে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। এটি সাংগঠনিক শৃঙ্খলার চরম লঙ্ঘন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের অপমান করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে।
সদ্য বহিষ্কৃত সভাপতি সুয়েব আহমদের দাবি, গত পরশু জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনির বিচারের দাবিতে তারা মিছিল করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজে হাদির জন্য শোক প্রকাশ ও মিছিল করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তাঁর জানাজায় উপস্থিত ছিলেন, সেখানে একই দাবিতে মিছিল করে আমরা কেন বহিষ্কার হলাম?
সুয়েব তাঁর ফেসবুকে লিখেছেন— আলহামদুলিল্লাহ, গত পরশু শহীদ ওসমান হাদির খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল দেওয়ায় আজ ছাত্রদলের পদ থেকে বহিষ্কার আদেশ হাতে পেলাম। দল করার কারণে প্রায় এক ডজন মামলা ও ২ মাস ২১ দিন কারাবরণ, দলকে নিঃস্বার্থ ভালোবাসা, দলের কাজ করা কি আমার অপরাধ?
সুয়েব আহমদ আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, আমাদের বহিষ্কারের মূল কারণ ভিন্ন। ৫ আগস্টের পর থেকে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম ও জেলা ছাত্রদলের শীর্ষ দুই নেতা আমাদের চোরাচালানে সহযোগিতার জন্য বারবার প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের অনৈতিক কাজে সায় না দেওয়া এবং শহীদ হাদির মিছিল করাই আমাদের জন্য কাল হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি। জরুরি কাজে সিলেটের বাহিরে আছি।
এ ঘটনায় ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। বহিষ্কার প্রত্যাহার হবে কি না—তা নিয়ে এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম