ডাক ডেস্ক: সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), উপপরিদর্শক (এসআই) ও পুলিশকনস্টেবলসহ ৬৫০ জনকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব ও মহাপুলিশ পরিদর্শক বরাবার চিঠির অনুলিপি পাঠানো হয়।
নির্বাচন কমিশন জানায়, ২৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, এসআই ২০ জন, এসআই (নিরস্ত্র) ৩০ জন, টিএসআই একজন, সার্জেন্ট একজন, এএসআই (সশস্ত্র) ৪৪ জন, সাতজন নায়েক এবং ৫২৪ জন কনস্টেবলকে বদলি ও পদায়নের সম্মতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।’
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম