ফারজানা আক্তার :
চাল-আটাসহ অন্যান্য নিত্যপণ্যের মতো অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকার ঊর্ধ্বে। যা স্মরণকালের সর্বোচ্চ। বলা হচ্ছে, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে চিনির দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।এমতাবস্থায় শনিবার সকাল থেকে সিলেট নগরীর বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় জরিমানার কবলে পড়েন একাধিক ব্যবসায়ী। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত প্রতি কেজি চিনির দাম ৯০ টাকা। কিন্তু ব্যবসায়ীরা প্রতি কেজি চিনি পাইকারি দরে ৯৭-৯৮ টাকা বিক্রি করছেন। এতে খুচরা বিক্রেতারা আরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাই বাজারদর স্থিতিশীল রাখতে সিলেট নগরের কালীঘাটসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরীর কালীঘাটের ৫টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ।ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে আজ বাজার তদারকি করা হয়েছে।তিনি আরও বলেন, চিনির কেজি প্রতি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, এর বেশি দামে বিক্রি করা যাবে না। ব্যবসায়ীদের সাবধান করে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বেশি দামে চিনি ক্রয় করেছেন বলে রশিদ যাচাইয়ে সত্যতা মিলেছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম